ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি ভাঙতে না পারে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা সফল হতে হলে আঞ্চলিক দেশগুলোর সমর্থন অপরিহার্য। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা ইসরায়েল যেন কোনোভাবেই বাধাগ্রস্ত করতে না পারে।

শনিবার (৪ জুলাই) ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক যৌথ অনুষ্ঠানে বক্তব্য দেন এরদোয়ান। তিনি বলেন, যে কোনো সমাধান যদি আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা ও অবদান থেকে শক্তি না নেয়, তবে তা টেকসই হতে পারে না। 

তিনি অভিযোগ করে বলেন, আমরা নিবিড়ভাবে লক্ষ্য করছি, ইসরায়েলি প্রশাসন যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিকে নষ্ট করার চেষ্টা করছে। বর্তমান যুদ্ধ-আসক্ত ইসরায়েলি সরকার আমাদের অঞ্চলকে আবারও বারুদের গন্ধ ও রক্তে ভাসিয়ে দিতে পারে না।

এরদোয়ান দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে গাজা, লেবানন ও সিরিয়ায় হামলার জন্য সমালোচনা করে আসছেন এবং যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা বাধাগ্রস্ত করার অভিযোগও করে আসছেন।

এদিকে, গত সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় যুক্ত হন, যেখানে সাম্প্রতিক উত্তেজনার পর নতুন করে সমঝোতা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানান, চুক্তি লঙ্ঘনের অভিযোগ জানাতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় চালু, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং স্থায়ী শান্তি চুক্তির একটি সময়সীমা নির্ধারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যা এই সমঝোতার বাস্তবায়ন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

  • সূত্র: আল জাজিরা