দর্শকের ভালোবাসায় উচ্ছ্বসিত সবুজ

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত কাজী আসাদ পরিচালিত ‘লাইফলাইন’ ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ। প্রথমবারের মতো মিমের বাবার চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া পাচ্ছেন এই জীবন্ত কিংবদন্তি। চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরে এবং দর্শকের ভালোবাসা পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

মাত্র ১২ বছর বয়সে বরিশালের লোকাল মঞ্চ দিয়ে অভিনয়ের আঙিনায় পা রাখা খায়রুল আলম সবুজের ক্যারিয়ার দীর্ঘ ও বৈচিত্র্যময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ‘নাট্যচক্র’ এবং পরবর্তী সময় ‘থিয়েটার’ দলের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ ২২ বছর মঞ্চে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘ওথেলো’র মতো কালজয়ী নাটকে। বাংলাদেশ টেলিভিশনে আতিকুল হক চৌধুরীর ‘জলের রঙ্গে লেখা’ নাটক দিয়ে তার টিভি যাত্রা শুরু হয় এবং ধারাবাহিক ‘ঢাকায় থাকি’ দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।

শুরুর দিকে চলচ্চিত্রে অভিনয় তাকে খুব একটা টানেনি, তাই বড় পর্দায় উপস্থিতি কিছুটা কম। তবে ‘নন্দিত নরকে’ ও ‘মোল্লাবাড়ির বউ’-এর মতো চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ১৯৪৯ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই গুণী মানুষটি অভিনয়ের পাশাপাশি নিরলসভাবে সাহিত্যচর্চাও করে যাচ্ছেন, যা তিনি তার জীবনের মূল কাজ বলে মনে করেন।