থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত একটি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে এই আয়োজনের সবচেয়ে বড় চমক ছিল তামান্নার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’-এর জনপ্রিয় সদস্য লিসার একই মঞ্চে উপস্থিতি। বলিউড ও কে-পপের এই মেলবন্ধনের ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল।
আন্তর্জাতিক এই আসরের রেড কার্পেটে তামান্নার ফ্যাশন স্টেটমেন্ট ছিল এককথায় নজরকাড়া। একটি নিখুঁত কালো গাউনে লিসার পাশে যখন তিনি এসে দাঁড়ান, তখন উপস্থিত আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ যেন থামছিলই না। সাদা পোশাকে হাজির হওয়া লিসার সঙ্গে তামান্নার এই ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ কম্বিনেশন ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
রেড কার্পেটে হাঁটার পাশাপাশি দুই তারকার হাসিমুখে আলাপচারিতা ও দারুণ আন্তরিক মুহূর্তগুলো ফ্রেমবন্দি হতেই তা নেটদুনিয়ায় ঝড় তোলে। বিশেষ করে ভারতীয় ব্ল্যাকপিংক ভক্তরা এই ঘটনাকে ‘বলিউড ও কে-পপের সেরা ক্রসওভার’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তামান্না ভাটিয়া। বর্তমানে তিনি সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘ভ্যান : ফোর্স অব দ্য ফরেস্ট’ ছবির কাজ করছেন। সম্প্রতি ছবিটির ক্লাইম্যাক্স আরও শক্তিশালী করতে অতিরিক্ত ১০ দিনের শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ফ্যান্টাসি-থ্রিলার ঘরানার এই ছবিটি আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।