আমিরের বিয়েতে থাকবেন দুই প্রাক্তন স্ত্রী

বলিউড সুপারস্টার আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন। আজ রবিবার প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সম্পর্ক প্রকাশ্যে আসার কয়েক মাসের মাথায় বিয়ের এই সিদ্ধান্ত ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। তবে তারকাদের চেনা জাঁকজমক এড়িয়ে একেবারেই ঘরোয়া আবহে সম্পন্ন হবে এই আয়োজন।

মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনেই বসবে বিয়ের আসর। জমকালো কোনো ভেন্যুর বদলে দুই পরিবারের সদস্য ও গুটিকয়েক ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বিশেষ এই দিনটি উদযাপিত হবে। তবে বলিপাড়ায় সবচেয়ে বেশি চর্চা হচ্ছে আমিরের অতিথি তালিকা নিয়ে। জীবনের এই নতুন শুরুতে পাশে থাকছেন তার সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও। শুধু তাই নয়, বাবার নতুন পথচলার আনন্দে শামিল হবে তাদের সন্তানরাও।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে, ২০২১ সালে এই সংসারের অবসান ঘটে। তবে বিচ্ছেদের পরও সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে আমিরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায়  রয়েছে, যার প্রতিফলন দেখা যাবে এই আয়োজনে। অন্যদিকে গৌরীর এটি দ্বিতীয় বিয়ে। দুই পরিবারের চার সন্তানসহ কাছের মানুষদের নিয়ে এক অনন্য আন্তরিক আবহে আমির-গৌরীর চার হাত এক হতে যাচ্ছে।