ব্রাজেন্টিনা ক্লাব

বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার কোটি সমর্থকের উন্মাদনা, তর্ক-বিতর্ক ও পাড়া-মহল্লার দেওয়ালজুড়ে পতাকার লড়াই। মাঠের যুদ্ধটা হাজার মাইল দূরে হলেও তার আসল উত্তাপ ছড়িয়ে পড়ে এ দেশের অলিতে-গলিতে। ফুটবলপ্রেমীদের এই চিরচেনা আবেগ আর মজার সব কা-কীর্তি নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে বিশেষ ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’। তারিক মুহাম্মাদ হাসান পরিচালিত আট পর্বের এই সিরিজটি আগামী ৭ জুলাই থেকে আইস্ক্রিনে দেখা যাবে, যার প্রতি পর্বের ব্যাপ্তি ২৫ মিনিট। এই সিরিজের সবচেয়ে বড় চমক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার অভিনয়। এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে নাম লেখালেন এই ফুটবল তারকা। নতুন এই অভিজ্ঞতা নিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘বিজ্ঞাপনের অভিজ্ঞতা থাকলেও সিরিজে অভিনয় এবারই প্রথম। পুরো বিষয়টি আমার কাছে ম্যাজিক্যাল লেগেছে। ক্যামেরার সামনে চরিত্র হয়ে ওঠা সহজ কাজ নয়। তবে দর্শকরা আমার অভিনয় দেখে মজা করুক বা ট্রল-মিমস বানাক, এতে আমার কোনো আপত্তি নেই।’

পরিচালক জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে মহল্লার সাধারণ মানুষের আনন্দ-বেদনা আর খুনসুটিই পর্দায় দারুণ বিনোদনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

সিরিজটিতে জামাল ভূঁইয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী ও ইশতিয়াক আহমেদ রোমেল। ওয়ানডে হোক কিংবা ফুটবল ম্যাচ, বাঙালির রক্তে মিশে থাকা এই ‘ব্রাজেন্টিনা’ উন্মাদনা ওটিটির পর্দায় কেমন জমল, এখন সেটাই দেখার অপেক্ষা।