উত্তর কোরিয়া নতুন পাঁচ হাজার টনের একটি ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে পরিচালিত এ মহড়ার মাধ্যমে যুদ্ধজাহাজটির যুদ্ধ সক্ষমতা যাচাই করা হয়েছে। রবিবার (৫ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শুক্রবার কিম জং উন ‘কাং কন’ নামের নতুন ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি আগামী দুই মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
কেসিএনএর তথ্য অনুযায়ী, জাহাজটি প্রথমবার পানিতে নামানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে মেরামত শেষে গত বছরের জুনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা নতুন ডেস্ট্রয়ার থেকেই উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সিউল ও ওয়াশিংটন যৌথভাবে বিশ্লেষণ চালাচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধজাহাজে সংযোজিত বিভিন্ন অস্ত্রব্যবস্থার কার্যকারিতা ও যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই সর্বশেষ এ মহড়া চালানো হয়েছে। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা ও যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন কিম জং উন।