তালতলী

অবৈধ প্রবেশ ও গাছ কাটায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছ কাটা, বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরির অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায় এক ইউপি সদস্যসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৫ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরানের আদালতে হাজিরা দিলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, তালতলী উপজেলার ছকিনা বিট অফিসের আওতাধীন নিদ্রারচর ডিসি পয়েন্ট এলাকার সংরক্ষিত বনের ভেতরে স্থানীয় ইউপি সদস্য মো. শহিদ আকনের নেতৃত্বে মাসুদ খান, সবুজ ফকির, কুদ্দুস মোল্লা ও মোহাম্মদ নেকিয়ার হোসেন অনধিকার প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে সংরক্ষিত বনের গাছ কেটে ফেলে সেখানে বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরির অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ২৬ এপ্রিল ছকিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বাদী হয়ে বন আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী ও ছকিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বলেন, ‘আসামিরা সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ করে গাছ কেটে বেঞ্চ তৈরি এবং মাটি কেটে রাস্তা নির্মাণ করেছেন। এ অভিযোগে দায়ের করা মামলায় তারা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’