ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, রেড এলার্ট জারি

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হওয়ায় এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাই ও আশপাশের শহরগুলোর জনগণকে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) সতর্ক থাকতে এবং শুধুমাত্র একান্ত প্রয়োজন হলেই বাইরে বের হতে অনুরোধ করেছে। গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং কয়েকটি এলাকায় প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বিএমসি জনগণকে নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং যেকোনো জরুরি অবস্থায় তাৎক্ষণিক সহায়তার জন্য পৌর সংস্থার হেল্পলাইন ১৯১৬-এ যোগাযোগ করতে অনুরোধ করেছে।

শনিবার মুম্বাইয়ে প্রবল বর্ষণ আঘাত হানার পর শহরের বিভিন্ন অংশে ১২ ঘণ্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নিচু এলাকাগুলো প্লাবিত, রাস্তায় ধস, গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়।