বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ

‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে সিরাজগঞ্জ বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে বেলকুচি থানা চত্বরে আয়োজিত সমাবেশে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন সমাজে শান্তি-শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। যেকোনো ধরনের উগ্রবাদ সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে জেলা পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তৃতা শেষে তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠান শেষে বেলকুচি থানা চত্বর থেকে বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি উপজেলার প্রধান সড়কে প্রদক্ষিণ হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন, বেলকুচি পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামানিক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্য নাথ রায়সহ বিএন'পি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাসহ আরও অনেকেই ।