১১ দিন পর মারা গেলেন পোশাক শ্রমিক শিফা আক্তার

রাজধানীর মিরপুরে আগুনে দগ্ধ হওয়ার ১১ দিন পর মারা গেছেন পোশাক শ্রমিক অন্তঃসত্ত্বা শিফা আক্তার (১৮)। গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার পরিবার।

৩ মাসের অন্তঃসত্ত্বা শিফার শরীরে ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়ে তার। কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার নোয়াগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে শিফা। ৪ বোনের মধ্যে সে ছিল সবার বড়। 

তার বাবা জাহাঙ্গীর আলম জানান, ৮ মাস আগে একই উপজেলার পাশের লাউরা পশ্চিম পাড়া গ্রামের সোহেলের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর তারা মিরপুর-২ বড়বাগ এলাকার আজমত গার্মেন্টসের পাশে বাসা ভাড়া নেয়। দুজনই চাকরি নেয় ওই গার্মেন্টসে। মিরপুরেই থাকেন তার বাবা জাহাঙ্গীর আলম। ২৪ জুন মধ্যরাতে এলাকার কয়েকজন তার বাসায় গিয়ে খবর দেন, তার মেয়ে শিফা আগুনে পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে তিনি হাসপাতালে এসে দগ্ধ মেয়েকে দেখতে পান। তখন মেয়ের কাছ থেকে জানতে পারেন, তার স্বামী সোহেল নিজে ও আরও ৪-৫ জন মিলে শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে।

তিনি জানান, বিয়ের সময় কিছু টাকা সোহেলকে যৌতুক হিসেবে দেয়ার কথা ছিল। তবে অভাবের কারণে সেই টাকা তখন দিতে পারেননি তিনি। সেই টাকার জন্য সোহেল, তার বাবা-মা তাকে নানান ভাবে চাপ দিত। সোহেল এজন্য তাকে মারধরও করত। এরপরই শিফা গ্রাম থেকে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নিয়েছিল। পরে সোহেলও চাকরি নেয়। শিফা ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিল। এর মধ্যে এক মাস আগেও সোহেল তাকে মারধর করে। শিফাকে সে গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়। বাড়িতে না গেলে তাকে গাড়ির নিচে ফেলে দেবে বলে হুমকি দেয়। এই ভয়ে শিফা ঘটনার ১৫ দিন আগে চাকরিও ছেড়ে দেয়।

এর মধ্যে ২৪ জুন রাতে তাকে আগুনে পুড়িয়ে দেয় সোহেল। যখন আগুন দেয়া হয়, তখন পাশের একটি ভবনের নির্মানশ্রমিকরা আগুন জ্বালতে দেখে নিচে নেমে এসে তার শরীরের আগুন নেভায়। পরে তারাই হাসপাতালে ভর্তি করিয়েছিল। হাসপাতালের বিছানায় শোয়া শিফার কাছ থেকে বাবার ঠিকানা নিয়ে এরপর তারা তার বাবাকে খবর দেন। ১১ দিন হাসপাতালে ভর্তি থাকার পরও তার স্বামীর পরিবারের কেউই তাকে দেখতে আসেননি। সবাই গা ঢাকা দিয়েছে বলে জানান শিফার স্বজনরা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে।