১২ কোটির রোলেক্স ঘড়ি ফেরত দিল মেক্সিকো দল

বিশ্বকাপের শেষ ১৬-র হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার ঠিক আগে এক অদ্ভুত আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিল সহ-আয়োজক মেক্সিকো দল। মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার 'স্টিভউইলডুইট' -এর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বিলাসবহুল রোলেক্স ঘড়িগুলো শেষ পর্যন্ত ফেরত দিতে বাধ্য হয়েছেন মেক্সিকান ফুটবলার ও স্টাফরা।

স্টিফেন ডিলিওনার্দিস (ইউটিউবারের আসল নাম) গত সোমবার মেক্সিকো দলের সাথে দেখা করে স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় এবং স্টাফকে একটি করে রোলেক্স ঘড়ি উপহার দেন। এই উপহারের পেছনে তিনি প্রায় ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২ কোটি) খরচ করেছেন বলে জানান। এই দামি উপহার পাওয়ার পরের দিনই শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে মেক্সিকো।

বিশ্বস্তরের ফুটবলারদের এমন দামি উপহার নেওয়ার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায় ফিফার নৈতিকতা নির্দেশিকা। ফিফার ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ফুটবলার বা অফিশিয়াল কেবল ‘প্রতীকী বা সামান্য মূল্য’ রয়েছে এমন উপহারই গ্রহণ করতে পারবেন। রোলেক্স ঘড়ির মতো বিপুল মূল্যের উপহার ফিফার এই নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

পরবর্তীতে মেক্সিকো জাতীয় দলের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়, ফুটবলাররা ‘যৌথ সিদ্ধান্তের’ ভিত্তিতে ঘড়িগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও স্পষ্ট করেন যে, ইউটিউবার স্টিভউইলডুইট সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই উপহার নিয়ে এসেছিলেন, এর পেছনে দলের কোনো ভূমিকা ছিল না।