'৫ জুলাই কি এপ্রিল ফুলস ডে', ফিফার তীব্র সমালোচনা বেলজিয়ামের

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার ফিফার সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বেলজিয়ামের ম্যানেজার রুডি গার্সিয়া। সিয়াটল স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তকে উপহাস করে তিনি একে "এপ্রিল ফুল" বা ১লা এপ্রিলের বোকা বানানোর গল্পের সাথে তুলনা করেছেন।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে সরাসরি লাল কার্ড পেয়েছিলেন বালোগান। কিন্তু ফিফার ডিসিপ্লিনারি কমিটি ২৭ নম্বর ধারা ব্যবহার করে সেই মূল শাস্তি বাতিল করে ১ বছরের প্রবেশন সময় নির্ধারণ করেছে, যার ফলে সোমবার বেলজিয়ামের (রেড ডেভিলস) বিরুদ্ধে তার খেলার পথ পরিষ্কার হয়।

এই নাটকীয় মোড় নিয়ে ক্ষোভ প্রকাশ করে রুডি গার্সিয়া বলেন, 'আমি জানতাম না যে ৫ই জুলাই আসলে 'এপ্রিল ফুল'স ডে'; এটি আমার জন্য সম্পূর্ণ নতুন খবর। আমাদের অবস্থান ও মতামত বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে—আমরা ফুটবলকে রক্ষা করার লড়াই করছি। বিশ্বকাপ ইতিহাসে এমন সিদ্ধান্ত এটাই প্রথম।"

গার্সিয়া আরও যোগ করেন যে, যুক্তরাষ্ট্র কোন দল নামাবে তা নিয়ে না ভেবে তিনি এখন প্রধান কোচ হিসেবে নিজের কাজেই মনোযোগ দেবেন।

​ফিফার এই ঘোষণার পরপরই বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন একটি কড়া বিবৃতি প্রকাশ করেছে।

​"বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার এই সিদ্ধান্তে স্তব্ধ। ফিফা তাদের ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারার দোহাই দিয়ে এই নিষেধাজ্ঞা স্থগিত করেছে। কিন্তু একই কোডের ৬৬.৪ ধারা এবং ২০২৬ বিশ্বকাপ নিয়মের ১০.৫ ধারায় স্পষ্ট বলা আছে—যেকোনো সরাসরি বা দ্বিতীয় হলুদ কার্ডের কারণে পাওয়া লাল কার্ডের জন্য পরবর্তী ম্যাচে অটোমেটিক (স্বয়ংক্রিয়) নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই বিশ্বকাপে এর আগের সব লাল কার্ডের ক্ষেত্রেও তাই হয়েছে।"

বেলজিয়াম আরও জানিয়েছে, গত মে মাসেও সার্কুলার পাঠিয়ে সব দেশকে এই অটোমেটিক নিষেধাজ্ঞার কথা পুনর্ব্যক্ত করা হয়েছিল। ফেয়ার প্লে ধরে রাখতে এবং নিজেদের অধিকার রক্ষায় বেলজিয়াম এখন সব ধরনের আইনি পদক্ষেপ বা বিকল্প উপায় খতিয়ে দেখছে।