বিধবাকে চাচা শ্বশুরের কুপ্রস্তাব প্রতিবাদে থানায় অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় তিন সন্তানের জননী এক বিধবাকে চাচা শ্বশুরের কুপ্রস্তাব ও মারধরের প্রতিবাদে থানায় অভিযোগ দিয়েছেন ওই নারী। রবিবার (৫ জুলাই) কাপাসিয়া থানায় এ অভিযোগ দেওয়া হয়। 

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই নারীর (৩০) স্বামী প্রায় সাত মাস আগে মারা যান। স্বামীর অসুস্থতার সময় থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত চাচা শ্বশুর সুমন মোল্লা তাকে নানাভাবে উত্যক্ত করত। এ বিষয়ে ওই নারী সুমন মোল্লার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের কাছে নালিশ করেও কোনো প্রতিকার পাননি। গত ৬ জুন বিকেলে সামান্য বিষয় নিয়ে ওই নারীকে অকথ্য গালিগালাজ করতে থাকলে তার  ১৬ বছরের ছেলে এর প্রতিবাদ করে। এ সময় সুমন মোল্লা ছেলেকে এলোপাতাড়ি মারধর করতে থাকলে তিনি বাধা দিলে তাকেও মারতে থাকেন। এ সময় তাদের চিৎকারে সুমনের বড় ভাই সাত্তার মোল্লা ও সালাম মোল্লা এসে তাদের মারধর করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করলেও ওই নারী ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যান। এমতাবস্থায় ওই নারী তিন সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে দাবি করেন।

মারামারির ঘটনার সম্পর্কে অভিযুক্ত সুমন মোল্লা সত্যতা স্বীকার করলেও উত্যক্তের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন।

এবিষয়ে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এস আই) সোহাগ মিয়া জানান, উভয়পক্ষ ও এলাকাবাসীর সঙ্গে  কথা বলে মারামারির বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেলেও স্বাক্ষী না থাকায় উত্যক্তের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সুষ্ঠু তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।