শেকৃবি

শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে ছাত্রদলের সংহতি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিনের পেশাগত বৈষম্য ও কর্মসংস্থান-সংক্রান্ত অনিশ্চয়তার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। রবিবার (৫ জুলাই) অনুষদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে ধর্মঘট শুরু হয়। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার রাতেই সংগঠনের সভাপতি আহমেদুল কবির তাপস ও সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীর স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংহতির বিষয়ে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের এই আন্দোলনকে সম্পূর্ণ যৌক্তিক, ন্যায়সংগত এবং সময়োপযোগী বলে মনে করে। দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই অগ্রগতি ও উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং শিক্ষার্থীদের পেশাগত মর্যাদা নিশ্চিত করতে তাদের উত্থাপিত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অনতিবিলম্বে তা বাস্তবায়ন করা জরুরি। এই চার দফা দাবি বাস্তবায়িত হলে শুধু কম্বাইন্ড ডিগ্রিধারী শিক্ষার্থীরাই উপকৃত হবেন না বরং দেশের প্রাণিসম্পদ খাত আরও দক্ষ, আধুনিক ও কার্যকর মানবসম্পদ লাভ করবে। একটি বৈষম্যহীন, মেধাভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বার্থেই এই সমস্যার দ্রুত সমাধান জরুরি।