বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে আজ সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার আগে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার এবং বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মরদেহ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে।
আবুল কাসেম ফজলুল হকের জামাতা আনোয়ারুল হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফজর নামাজের পরে পল্লবীর মসজিদুল আমানে আবুল কাসেম ফজলুল হকের প্রথম নামাজে জানাজা হয়। এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলা একাডেমিতে নেওয়া হয়। সেখান থেকে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। দুপুর ১২টা থেকে ১টায় অপরাজেয় বাংলায় মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজের পরে দ্বিতীয় জানাজা হবে।
বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আবুল কাসেম ফজলুল হককে সমাহিত করা হবে।
এর আগে গতকাল রবিবার দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক। দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবুল কাসেম ফজলুল হকের বয়স হয়েছিল ৮৫ বছর।