শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে তার চাচাতো ভাই মোহাম্মদ শাহাদাতকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার রায় ঘোষণার তারিখ তিন দফা পিছিয়ে ৬ জুলাই নির্ধারণ করা হয়েছিল। আদালতের এ রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করছেন।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। দণ্ডপ্রাপ্ত শাহাদাত একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং আসমার জেঠাতো ভাই।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয় দিন পর শাহাদাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়।

তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, ধর্ষণের পর বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখেন।

ঘটনার পর নোয়াখালীজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। স্থানীয় বাসিন্দারা শুরু থেকেই দ্রুত বিচার এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন।