মুরাদনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফলভোগীরা তাদের অভিজ্ঞতা ও অভিব্যক্তি তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা খান পাপ্পু, বিএনপির মুরাদনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন এবং উপকারভোগী সফিকুল ইসলাম ও নূরজাহান বেগম।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নায়েব আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবে।

আলোচনা সভা শেষে উপকারভোগীদের মধ্যে গাছের চারা, ঋণ এবং পুরস্কার বিতরণ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত