বগুড়ায় মিলমালিককে হত্যার পর ট্রান্সফরমার চুরি

বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ আলী নামে এক মিলমালিককে হত্যার পর মিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ( ৬ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকা থেকে মিলমালিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, রবিবার রাতে মোহাম্মদ আলী নিজের মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিলে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে পরে তার মাথায় আঘাত করে হত্যা করে। যাওয়ার সময় তারা মিল থেকে তিনটি ট্রান্সফর্মার নিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জানান, এঘটনায় কতজন জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।