ফেনীর সোনাগাজীতে অস্ত্রের মুখে জিম্মি করে সৌদি প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল মুনাফের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ৮ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
এ ঘটনায় আজ সোমবার (৬ জুলাই) বিকালে সৌদি প্রবাসী আব্দুল মুনাফের ছেলে কামরুল ইসলাম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাতনামা ৫ জন ডাকাতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্রাজিল ও নরওয়ের ফুটবল খেলার আগ মুহূর্তে এলাকায় ভারী বর্ষণ চলছিল। ঠিক ওই মুহূর্তে ৫ সদস্যের ডাকাতদল বসতঘরের চিলেকোঠার দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র (রাম দা) দেখিয়ে প্রথমে প্রবাসীর ছেলে কামরুল ইসলামকে জিম্মি করে মুঠোফোন কেড়ে নিয়ে আলমারির চাবি দিতে বলে। পরে ডাকাতরা কামরুলকে অস্ত্র ঠেকিয়ে তার মা আলেয়া বেগমের কক্ষ নিয়ে যায়। আলেয়া ভয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাত অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিলে তিনি চুপসে যায়।
কামরুল ইসলাম বলেন, ডাকাত ঘরের মালামাল তসনস করে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে বাহির থেকে দরজা লাগিয়ে সটকে পড়ে। পরে জানালা দিয়ে প্রতিবেশী ঘটনার বিষয়ে অবহিত করলে পাশের ব্রাজিল ও নরওয়ের ফুটবল খেলা উপভোগ করা দর্শকরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করেছে। তিনি আরো বলেন, থানায় অবহিত করলে রাতেই পুলিশ বাড়িতে এসে বিস্তারিত অবগত হয়েছে।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকাসক্ত ও মদ বেচাকেনা বখাটেদের উৎপাত বেড়েছে। বৃষ্টির মৌসুমে ডাকাতির ঝুঁকির সময়ে বখাটেদের যোগসাজশে পেশাদার ডাকাতদল ঘটনাটি সংগঠিত করতে পারে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, লিখিত অভিযোগ পেয়ে সন্দেহভাজন অভিযুক্তদের ধরতে ও মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম সক্রিয় রয়েছে।