সোনাগাজী উপজেলার দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া এলাকার জেলেপাড়া নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় মিলেছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে ফেনী পিবিআই। ওই ব্যক্তি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে আবুল কাশেম।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জেলেপাড়া নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সোনাগাজী মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে পিবিআই একটি দল ঘটনাস্থলে এসে মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করে। এতে জানা যায়, মরদেহটি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ইসলামপুর এলাকার বাসিন্দা আবুল কাশেমের।
পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাঁর ছোট ভাই আবু হানিফ মরদেহের ছবি দেখে আবুল কাশেমকে শনাক্ত করেন।
তিনি জানান, তাঁর মেঝো ভাই আবুল কাশেম প্রায় তিন বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি। খবর পেয়ে মরদেহ গ্রহণের জন্য স্বজনরা সুনামগঞ্জ থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. আবুল হাশিম জানান,নদী থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পিবিআই সহায়তা নেয়া হয়। পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।