৯ সিটির উন্নয়ন চেয়ারম্যানকে পরিকল্পিত নগরায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের ডেকে নগরগুলোকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি ভবিষ্যতে যেকোনো কাজে সেবা সংস্থাগুলোর সাথে সমন্বয় করার নির্দেশনা দিয়েছেন তিনি।

রবিবার (৫ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। দেশের উন্নয়ন সংস্থাগুলোর চেয়ারম্যানদের এক ছাদের নিচে এনে প্রধানমন্ত্রীর এটিই প্রথম বৈঠক বলে জানান সংশ্লিষ্টরা। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের পরিকল্পিত নগরায়ণ, শহরের সুপরিকল্পিত সম্প্রসারণ, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সব প্রকল্প দ্রুততম সময়ে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও গুণগত মান নিশ্চিত করে বাস্তবায়নের নির্দেশ দেন। উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। প্রকল্প ব্যয় ও সময়; কোনোটাই বাড়ানো যাবে না। সততার সঙ্গে কাজ করে নগরকে গড়ে তুলতে হবে।

বৈঠকে উপস্থিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দেশ রুপান্তরকে বলেন, চট্টগ্রামে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। সরকারের অগ্রাধিকারভিত্তিক আবাসন কর্মসূচির আওতায় স্বল্প ও মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আধুনিক আবাসন নিশ্চিত করার পরিকল্পনা জানিয়েছি। পাশাপাশি আবাসন খাতে চীনসহ বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে চউক চেয়ারম্যান ছাড়াও দেশের বাকি আটটি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তারা হলেন— কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।