প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশনা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা দেওয়ার এক মাস পর সেটি বাতিল করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) এই তিনটি বই রাখার বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব রওশন আরা পলি। চিঠিতে বলা হয়, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এই তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা হয়, তা নিশ্চিত করতে হবে। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়।

‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’—এই বই দুটি সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা। আর ‘সবার আগে বাংলাদেশ’ বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত