সড়ক দুর্ঘটনায় নিহত চার

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বাসের সঙ্গে গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের কাছে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপ ও বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এ সময় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) ও পিকআপের চালক খোকন (৩৯)। পাকুন্দিয়া থানার এসআই সেলিম হোসেন রকি বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার  বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি দারোগা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, জুয়েল রানা নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দারোগা বাজার এলাকায় দুই সিএনজির মুখামুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। একটি সিএনজির চালক পলাতক রয়েছেন।