মির্জা ফখরুল বললেন

কাজের চেয়ে চুরি বেশি করেছে ফ্যাসিস্ট সরকার

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে চরমভাবে দুর্নীতি হয়েছে। তারা কাজের চেয়ে বেশি চুরি করেছে।’ গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ বছর পর দেশে ফিরেই ঘোষণা করেছেন তিনি বাংলাদেশকে পরিবর্তন করে উন্নত করতে চান। সেজন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন শুরু করেছেন। পরিবার থেকেই তিনি উন্নয়ন ও ক্ষমতার সমন্বয় করেছেন। সরকার এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও ঋণ মওকুফের মতো যুগান্তকারী কর্মসূচির মধ্য দিয়ে উন্নত দেশ গড়ার কাজ এগিয়ে নিচ্ছে।’

গ্রামীণ অর্থনীতি ও বিআরডিবির ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মানুষের আয়ের পথ না বাড়লে প্রকৃত উন্নতি সম্ভব নয়। বিআরডিবির মূল কাজ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, সংগঠিত করা, প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদিত পণ্যের সঠিক বাজার তৈরি করা।’

দেশ গড়ার ক্ষেত্রে স্বনির্ভরতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ, নিকটবর্তী দেশ কিংবা দূরবর্তী মার্কিন মুল্লুক থেকে কেউ এসে আমাদের দেশ উন্নত বা সুন্দর করে দিয়ে যাবে না।’