‘আলফা’র বাজিমাত

মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র সমালোচনার মুখেও বক্স অফিসে আশাতীত ব্যবসা করছে আলিয়া ভাট ও শর্বারী ওয়াঘ অভিনীত অ্যাকশন-এন্টারটেইনার ‘আলফা’। যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান এই সিনেমাটি মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৫৮.৮০ কোটি রুপির গ্রস কালেকশন করেছে।

মুক্তির তৃতীয় দিন, রবিবারে ভারতের ৭ হাজার ৪৩৯টি শো থেকে সিনেমাটি নেট ১৩.২৫ কোটি রুপি আয় করে। যার ফলে তিন দিনে ভারতের বাজারে এর মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৩৪ কোটি রুপি (গ্রস ৪০.৮০ কোটি)। রবিবারে সর্বোচ্চ ৫০.৩ শতাংশ দর্শক উপস্থিতি ছিল চেন্নাইতে। মুম্বাই ও দিল্লি-এনসিআরেও সিনেমাটির দাপট ছিল লক্ষণীয়। শিব রাওয়াইল পরিচালিত এই স্পাই থ্রিলারে অনিল কাপুর, ববি দেওল ছাড়াও ক্যামিও চরিত্রে হাজির হয়েছেন হৃতিক রোশন।