একদিন এই মঞ্চে খেলবে বাংলাদেশ : সাফা কবির

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:২৫ এএম

ব্রাজিলের বিদায়ে চরম হতাশার মধ্যেও গ্যালারি থেকে এক টুকরো আশার আলো আর দেশপ্রেমের গল্প শুনিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সরাসরি মাঠে বসে সেলেসাওদের সমর্থন জোগাতে গ্যালারিতে হাজির হয়েছিলেন সাফা। গায়ে জড়ানো ছিল ব্রাজিলের চেনা ১০ নম্বর জার্সি। তবে ব্রাজিলের ম্যাচের চেয়েও গ্যালারিতে তার একটি বিশেষ উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নজর কেড়েছে। ব্রাজিলের জার্সি গায়ে থাকলেও সাফার হাতে সগৌরবে উড়ছিল বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা।

ম্যাচ চলাকালে গ্যালারি থেকে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নিজের মনের গভীরে লুকিয়ে থাকা এক বড় স্বপ্নের কথা প্রকাশ করেন এই অভিনেত্রী। ক্যাপশনে সাফা লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটি স্বপ্ন আছে, একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

তবে সাফার এই স্বপ্নের দিনে মাঠের গল্পটি তার এবং সব ব্রাজিল ভক্তের জন্য আনন্দের হয়নি। মাঠের লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয় লাতিন আমেরিকার পরাশক্তিদের। স্টেডিয়ামের বাইরে থেকে  ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা (বাংলাদেশ) আসব।’ ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে ভিডিওর ক্যাপশনে তিনি যোগ করেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত