লাতিন পরাশক্তিদের এই অপ্রত্যাশিত বিদায়ে যখন বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক হতাশায় ডুবছেন, ঠিক তখনই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক ও দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মেতে উঠলেন বাঁধভাঙা উচ্ছ্বাসে। সরাসরি মাঠে বসেই ব্রাজিল-নরওয়ে ম্যাচটি উপভোগ করেন তিনি।
ম্যাচ শুরুর আগেই সামাজিক মাধ্যমে ব্রাজিলকে উদ্দেশ্য করে একের পর এক মজার পোস্ট দেন মেহজাবীন। লাল টপস ও সবুজ স্কার্ট পরে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে গ্যালারি থেকে কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ এরপর আরেকটি পোস্টে ভক্তদের সঙ্গে মজার ছলে লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স!’
ম্যাচ শেষে নরওয়ের ইতিহাস গড়া জয় আর ব্রাজিলের বিদায় নিশ্চিত হতেই নিজের উচ্ছ্বাস আর আড়াল করেননি মেহজাবীন। দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন মাত্র দুটি শব্দ, ‘বাই বাই ব্রাজিল।’ মুহূর্তেই তার এই পোস্টগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনা সমর্থকরা যেখানে মেহজাবীনের সঙ্গে উল্লাসে মেতেছেন, সেখানে ব্রাজিল ভক্তদের কেউ কেউ সমালোচনাও করেছেন। তবে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ঐতিহ্যবাহী চিরচেনা খুনসুটিরই এক চমৎকার প্রতিচ্ছবি ফুটে উঠেছে মেহজাবীনের এই উদযাপনে।