নিহতের পরিবারের অভিযোগ

স্বামীর দেওয়া আগুনে মারা গেলেন স্ত্রী

রাজধানীর মিরপুর-২ নম্বর বড়বাগ আমজাদ গার্মেন্টসের পাশের বাড়িতে শিফা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রবিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বামী সোহেলের দেওয়া আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

নিহতের বাবা জাহাঙ্গীর আলম বলেন, আট মাস আগে গার্মেন্টস শ্রমিক সোহেলের সঙ্গে বিয়ে হয় শিফার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মেয়েকে অত্যাচার করত। গত ২৪ জুন রাতে জানতে পারি, জামাই মেয়ের শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেলে ভর্তি করে। এতদিন বার্ন ইউনিটেই ভর্তি ছিল। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মেয়ে এগুলো জানিয়েছে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ বলেন, গত ২৪ জুন মিরপুর থেকে রাত ১২টার দিকে শিফা বেগম শরীরে ৬৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি হন। দগ্ধের পরিমাণ বেশি থাকায় ওই দিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।