দুমকিতে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দুমকি থানার এএসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে বরিশালের রুপাতলী এলাকা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশী মো. সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ২০ গ্রাম।

আটক সাখাওয়াত হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুমকি থানার মামলার তদন্তভার এসআই (নিঃ) তাওহিদুর রহমান মোল্লাকে দেওয়া হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হবে। মাদক পাচার ও কারবার রোধে দুমকি থানার নিয়মিত চেকপোস্ট কার্যক্রম ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।