ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড় জেলায় টানা ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে।
মঙ্গলবার (৭ জুলাই) ওয়েনাড়ের কাল্লাডি এলাকার মীনাক্ষী সেতুর কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। মালাপ্পুরম ও ওয়েনাড় জেলার মধ্যে নির্মাণাধীন আনাক্কমপোইল-মেপ্পাডি টানেল সড়ক প্রকল্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখানে নির্মাণশ্রমিকরা কাজ করছিলেন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন এবং কয়েকজনকে নিরাপদে সরিয়ে আনেন। কর্তৃপক্ষের আশঙ্কা, অন্তত ১০ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩০ সদস্যের একটি দলও উদ্ধারকাজে যোগ দেয়।
কেরালার রাজস্বমন্ত্রী এপি অনিল কুমার জানান, টানা বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং উদ্ধার অভিযান জোরেশোরে চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে ভূমিধসের পাশাপাশি টানেল প্রকল্পে ব্যবহৃত কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সাথীসান জরুরি বৈঠক করেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনার নির্দেশ দেন। তিনি রাজস্বমন্ত্রী এপি অনিল কুমার ও কৃষিমন্ত্রী টি সিদ্দিককে দ্রুত ওয়েনাড়ে গিয়ে উদ্ধারকাজ তদারকির নির্দেশও দিয়েছেন।