অসুস্থতার কাছে হার মেনে চলে গেলেন শাপুর জাদরান

আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম প্রধান কারিগর এবং সাবেক গতি তারকা শাপুর জাদরান আর নেই। আজ মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৩৯তম জন্মদিনের ঠিক আগের দিনই এই পেসারের এমন আকস্মিক চলে যাওয়ায় আফগান ক্রিকেট অঙ্গনে নেমে এলো গভীর শোকের ছায়া।

বেশ কিছুদিন ধরে তিনি মারাত্মক অসুস্থতায় ভুগছিলেন এবং ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এবং গভীর শোকের সাথে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরানের প্রয়াণের সংবাদ জানাচ্ছে।’ 

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বিশ্ব ক্রিকেটের মূল মঞ্চে জায়গা করে নেওয়ার পেছনে যে কজন ক্রিকেটার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, শাপুর তাদের অন্যতম। জাতীয় দলের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি এই দুই সংস্করণেই বল হাতে গতির ঝড় তুলেছিলেন তিনি। তার আক্রমণাত্মক বোলিং এবং আগ্রাসী মানসিকতা দলটিকে আন্তর্জাতিক স্তরে এক সমীহ জাগানিয়া শক্তিতে রূপ দিতে বড় অবদান রাখে। টেস্ট ফরম্যাটে তার খেলা না হলেও লাল বলের দুই ফরম্যাট মিলিয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সেখানে উইকেটও নিয়েছেন ৮০টি।

আফগান ক্রিকেটের সেই সোনালী প্রজন্মের এই প্রতিনিধি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তার এই অকাল প্রস্থান আফগান ক্রিকেটের ইতিহাসে একটি যুগের অবসান ঘটাল।