মাঠের বাইরের রাজনৈতিক ঝড়, ফিফার নজিরবিহীন পক্ষপাতিত্ব আর ফুটবল বিশ্বের তুমুল সমালোচনা, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার ফোলারিন বালোগুন। রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখার পরও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা।
১৯৬২ সালে ব্রাজিলের গারিঞ্চার পর ফুটবল ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম! তবে মাঠের বাইরে এই ‘বিশেষ সুবিধা’ পেলেও সোমবার রাতে সিয়াটলে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এই প্রথম পুরো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মোনাকোর এই তারকা ফরোয়ার্ড। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালোগুন অত্যন্ত পরিপক্বতার সাথে পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, ‘লাল কার্ড পেলে পরের ম্যাচে না খেলাটাই স্বাভাবিক নিয়ম। যখন সেই সিদ্ধান্ত বদলে যায়, তখন বিতর্ক তৈরি হওয়াটাও স্বাভাবিক। তাই পুরো বিষয়টিতে আমি খুব বেশি অবাক হইনি। খেলোয়াড় হিসেবে আমার কাজ ছিল মাঠে নিজের সেরাটা দেওয়া।’
নিষেধাজ্ঞা প্রত্যাহার বা খেলার সিদ্ধান্তের বিষয়ে নিজের কোনো হাত ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘লাল কার্ড পাওয়ার সিদ্ধান্ত যেমন মেনে নিয়েছিলাম, খেলার অনুমতি পাওয়ার সিদ্ধান্তও সেভাবেই গ্রহণ করেছি। এর বাইরে আমার কিছু বলার নেই। তবে আজ মাঠের ফুটবলে বেলজিয়াম আমাদের চেয়ে অনেক ভালো দল ছিল।’
তবে ম্যাচের সব উত্তেজনা ও তিক্ততা ছাপিয়ে সিয়াটল স্টেডিয়ামের ড্রেসিংরুমের করিডোরে দেখা গেল এক চমৎকার সৌজন্যতার দৃশ্য। পুরো টুর্নামেন্টে ৩ গোল করে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা হওয়া বালোগুন ম্যাচ শেষে নিজেই এগিয়ে যান বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়ার দিকে। প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে জড়িয়ে ধরেন তাকে।
এর আগে ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্তকে ‘এপ্রিল ফুল’ বলে কটাক্ষ করেছিলেন বেলজিয়ান বস রুডি গার্সিয়া। তবে ম্যাচ শেষে বালোগুনের এই সৌজন্যতায় মুগ্ধ হয়ে গার্সিয়া গণমাধ্যমে বলেন, ‘ম্যাচ শেষে সে আমার সাথে কথা বলতে এসেছিল, যা আমার ভীষণ ভালো লেগেছে। আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, এখানে তার কোনো ভুল ছিল না, সে মোটেও দোষী নয়।’
বিপক্ষের কোচের মুখে এমন সান্ত্বনা আর মাঠের বাইরের সমস্ত রাজনৈতিক বিতর্ককে এক পাশে ঠেলে বেলজিয়ামকে শুভেচ্ছা জানিয়ে বালোগুন প্রমাণ করলেন মাঠের ভেতরের আসল খেলোয়াড়রা ফুটবলীয় স্পিরিট ও সৌজন্যতা ভোলেন না। বিদায়ের দীর্ঘশ্বাস সঙ্গী করে বালোগুন যখন ঘরের মাঠে দর্শক, রুডি গার্সিয়ার বেলজিয়াম তখন আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে স্পেনের মুখোমুখি হওয়ার প্রস্তুতিতে ব্যস্ত।