পুত্রবধুর সাথে কলহ: আমগাছে ফাঁস দিয়ে শ্বশুরের আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে সোহরাব উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহরাব উদ্দিন ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব উদ্দিনের সাথে তারই বড় ছেলে উজ্জ্বল মিয়ার স্ত্রীর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সম্প্রতি পুত্রবধূ বাদী হয়ে শ্বশুর সোহরাব উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য আগামীকাল বুধবার একটি সালিশি বৈঠক (দরবার) হওয়ার কথা ছিল। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ, পুত্রবধু কর্তৃক থানায় অভিযোগ এসব থেকে সৃষ্ট মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে সে আত্মহত্যা করেছেন।  

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় সোহরাব উদ্দিন বাড়ির পেছনের জঙ্গলে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের পারিবারিক কলহ মেটাতে বুধবার একটি দরবার হওয়ার কথা ছিল। তার আগেই এমন ঘটনা ঘটে গেল। শুনেছি ওই পুত্রবধূ থানায় একটি অভিযোগও দিয়েছিলেন।’

নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।