মিরপুরে দুর্বৃত্তের গুলিতে সেচ্ছাসেবক দলের নেতা আহত, আটক ১

রাজধানীর মিরপুরে চৌরঙ্গী মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে সাইফুল ইসলাম সিজু (৪০) নামে এক সেচ্ছাসেবক দলের নেতা আহত হয়েছেন। তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টায় মিরপুর-১০ নম্বর সেকশন সেনপাড়া পর্বতা এলাকার বাসার সামনে এই ঘটনা ঘটে।

হাসপাতালে আহত সাইফুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম জানান, মিরপুর ১০নম্বর সেনপাড়া পর্বতা তাদের বাসা। সাইফুল মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এলাকায় ইন্টারনেটের ব্যবসা রয়েছে তার। রাতে বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ ৩/৪ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে সিজুর দুই পায়ে ও কোমরে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে শান্ত ভুইয়া (২৪) নামে এক যুবককে একটি অস্ত্রসহ ধরে ফেলে। তবে সে কেন সাইফুল ইসলামকে গুলি করেছে তারা তাৎক্ষণিক সেটি তার কাছ থেকে জানতে পারেননি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাইফুল নামে ওই ব্যক্তির দুই পায়ে ও কোমরে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা তদন্ত করে দেখছে।