পানি পান

সুস্থতার জন্য পানির বিকল্প নেই। সঠিক নিয়ম  মেনে পানি পান করতে হবে। পুষ্টিবিদ আসফি মোহাম্মাদ জানালেন, নিয়ম মেনে পানি পান করলে শরীরের অনেক সমস্যা দূর হয়ে যায়।

বয়স্কদের ক্ষেত্রে : একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষের দিনে ২.৫ লিটার পানি পান করতে হবে। অনেক ক্ষেত্রে ২.৫ লিটার পানি খাওয়ার সঙ্গে অন্যান্য ফলের রস অথবা পানি জাতীয় খাবার খাওয়া হয়। যা কিডনিতে প্রভাব ফেলতে পারে। এজন্য প্রতিদিন ফলের রস বা পানি জাতীয় খাবার ২.৫ লিটারের বেশি না হয় খেয়াল রাখতে হবে। খাবার খাওয়ার ২০ মিনিট পর পানি পান করা। খাবারের মাঝখানে পানি পান করলে হজম প্রক্রিয়ায় ব্যাহত হয়। গ্যাষ্ট্রিকের সমস্যায় সকালে খালি পেটে দুই গ্লাস পানি পান করলে উপকার হয়। কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর হয়। তাড়াহুড়ো এবং জোর করে পানি পান করার   প্রয়োজন নেই। আপনার পিপাসাই জানিয়ে দেবে কতটুকু পানি পান করবেন।

নবজাতকের ক্ষেত্রে : শিশু যখন জন্ম নেয় তখন তার ওজনের প্রায় ৩ থেকে ৪ ভাগই থাকে পানি। ৬ মাস পর যখন শিশুটি আস্তে আস্তে শক্ত খাবারে অভ্যস্ত হবে তখন থেকে তাকে পানি পান শুরু করাতে হবে। প্রতিবার শক্ত খাবার খাওয়ানোর পরে ২-৪ চামচ বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। শিশুদের গড়ে দিনে প্রয়োজনীয় পানির পরিমাণ ৭ থেকে ১২ মাস বয়সে ৮০০ মিলি। ১ থেকে ৩ বছর বয়সে ১.৩ লিটার। ৪ থেকে ৮ বছর বয়সে ১.৭ লিটার।

মেয়ে শিশুদের ক্ষেত্রে : পানি পান করতে হবে ৯ থেকে ১৩ বছর বয়সে ২.১ লিটার। ১৪ থেকে ১৮ বছর বয়সে ২.৩ লিটার। ১৯ বছর বা তার বেশি বয়সে ২.৫ লিটার।

ছেলে শিশুদেরক্ষেত্রে : পানি পান করতে হবে ৯ থেকে ১৩ বছর বয়সে ২.৪ লিটার। ১৪ থেকে ১৮ বছর বয়সে ৩.৩ লিটার। ১৯ বছর বা বেশি বয়সে ৩.৫ লিটার।

পানির বিকল্প কী : শরীর হাইড্রেটেড রাখার জন্য সবসময় পানি পানের প্রয়োজন নেই। কিছু খাবার আছে যা পানির চাহিদা পূরণ করে। শসাতে ৯৬.৭ ভাগ পানি রয়েছে। যা শরীরে পানির চাহিদা পূরণ করে। সালাদ, শসার জুস বা খাবারের সঙ্গে খালি শসা খেতে পারেন। এক কাপ শসা এক গ্লাস পানির সমান। তরমুজে ৯৩ ভাগ পানি রয়েছে। এতে মিনারেল, লবণ ও প্রাকৃতিক চিনি আছে। শুধু ফল কিংবা সবজি পানির চাহিদা পূরণ করে থাকে না। টকদই ও পানির চাহিদা পূরণ করে। টক দইয়ে ৮৫ ভাগ থেকে ৮৮ ভাগ পর্যন্ত পানি থাকে। মুলাতে ৯৫ ভাগ পানি রয়েছে। সালাদ হিসেবে মুলা খেতে পারেন। টমেটোতে  ৯৪.৫ ভাগ পানি রয়েছে। সালাদ, টমেটো দিয়ে তরকারি ও স্যান্ডউইচে টমেটো দিয়ে খেতে পারেন। স্ট্রবেরি ফলটিও পানির চাহিদা পূরণ করে। স্ট্রবেরিতে ৯১ ভাগ পানি রয়েছে। ধুন্দল সবজিটিতে ৯৫ ভাগ পানি রয়েছে। গাজরে আছে ৯০ ভাগ পানি। ফুটি বা বাঙ্গিতে ৯০.২ ভাগ পানি রয়েছে।