যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

গাজায় চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) পৃথক হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণের সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্বদিকে একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।  

দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা সূত্র জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ছাড়া মধ্য খান ইউনিসের জোরাত আল-আক্কাদ এলাকায় ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হন। একই এলাকার বির জানুন ও আল-শায়ের এলাকায় পথচারীদের লক্ষ্য করে চালানো আরেকটি ড্রোন হামলায় ৩০ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এতে চার শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

রাফাহর উত্তর-পশ্চিমাঞ্চলের মুয়াবিয়া এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরও পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন ওই এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।

এর আগে মঙ্গলবার সকালে গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ড্রোন হামলায় ৪৬ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের হামলায় এ পর্যন্ত এক হাজার ৭২ ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৪৬৩ জন আহত হয়েছেন।

এদিকে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারের বেশি আহত হয়েছেন। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।