বৈরী আবহাওয়ায় চবির যেসব বিভাগের পরীক্ষা স্থগিত 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

বুধবার (৮ জুলাই) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে আজ সকালে ক্লাস পরীক্ষা হলেও পরীক্ষাগুলো পরবর্তীতে যথাপুযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছেন চবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ।  

বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগের ফাইনাল পরীক্ষা ও একটি বিভাগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা ও ফরেস্ট্রি বিভাগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, অর্থনীতি বিভাগের ২য় বর্ষ বিএসএস (অনার্স) পরীক্ষা-২০২৫, ইতিহাস বিভাগের ৩য় বর্ষ বিএ (অনার্স) পরীক্ষা-২০২৫, সংস্কৃত বিভাগের ৪র্থ বর্ষ বিএ (অনার্স)-২০২৫, কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টার বিএসসি (ইঞ্জি) পরীক্ষা-২০২৫ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ফরেস্ট্রি বিভাগের ৩য় সেমিস্টারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ জানান, ৫টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে যথোপযুক্ত সময়ে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সাধারণ শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চবি উপ-উপাচার্য। তিনি বলেন, যেকোনো দুর্যোগকালীন পরিবেশে এই ধরনের পরীক্ষা বন্ধ করার নিয়ম রয়েছে। এটা শিক্ষার্থীদের একাডেমিক জীবনে কোন ধরনের প্রভাব ফেলবে না। মেকওভার ক্লাস ও পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে এ বিষয়টি পুষিয়ে নেওয়া হবে। এতে করে শিক্ষার্থীরা কোন ধরনের সেশনজটের মত অবস্থায় পড়বে না। মূলত সাধারণ শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা রেখেই ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চবি রেজিস্টার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের অফিসগুলো চালু রয়েছে। ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও সচল থাকবে দাপ্তরিক কার্যক্রম।