দীর্ঘ ১০ বছরের সফল যাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে ভেঙে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কো-এড ব্যান্ড কার্ড। সোমবার এক বিবৃতিতে ব্যান্ডটির এজেন্সি ডিএসপি মিডিয়া জানায়, আসন্ন অ্যালবাম ও বিশ্ব সফর শেষ করেই গ্রুপ হিসেবে কার্যক্রমের ইতি টানবেন চার সদস্য।
২০১৬ সালে জেসেফ, বিএম, সোমিন ও জিউকে নিয়ে যাত্রা শুরু করে কার্ড। কে-পপে যেখানে সাধারণত শুধু ছেলেদের বা শুধু মেয়েদের ব্যান্ডই বেশি দেখা যায়, সেখানে ছেলে ও মেয়ের সমন্বয়ে গঠিত এই কো-এড গ্রুপ শুরু থেকেই ব্যতিক্রমী পরিচয় তৈরি করে। বিশেষ করে লাতিন আমেরিকা ও ইউরোপে তাদের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
দশ বছরের ক্যারিয়ারে ‘ওহ না না’, ‘ডোন্ট রিকল’, ‘হোলা হোলা’, ‘রাইড অন দ্য উইন্ড’, ‘রেড মুন’, ‘রিং দ্য অ্যালার্ম’ ও ‘টেল মাই মামা’র মতো একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছে কার্ড। এর পাশাপাশি প্রকাশ করেছে বেশ কয়েকটি সফল মিনি অ্যালবামও। আগামী ২৮ জুলাই প্রকাশ পাবে ব্যান্ডটির প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম ‘হোয়্যার টু নাউ? (পার্ট টু): নোহোয়্যার’। এটিই হবে কার্ডের শেষ অ্যালবাম। এরপর আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে অনুষ্ঠিতব্য ‘নাউ হেয়ার ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে ব্যান্ডটি।
সাধারণত কে-পপ ব্যান্ডগুলোর সঙ্গে এজেন্সির প্রাথমিক চুক্তির মেয়াদ থাকে সাত বছর। অনেক গ্রুপ সেই সময়ের আগেই ভেঙে গেলেও কার্ড সদস্যদের পারস্পরিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক জনপ্রিয়তার কারণে একসঙ্গে টিকে ছিল পুরো এক দশক। ২০২৬ সালের জুলাইয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় উভয় পক্ষের সম্মতিতেই গ্রুপের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে গ্রুপ ভেঙে গেলেও সংগীতজগৎ ছাড়ছেন না সদস্যরা। জেসেফ, বিএম, সোমিন ও জিউ— প্রত্যেকেই ভবিষ্যতে ব্যক্তিগতভাবে সংগীত, অভিনয় ও মডেলিংয়ে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাবেন।