শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ ৭০ শ্রমিক অসুস্থ

গাজীপুরের শ্রীপুরে একদিনে ব্যবধানে ফের একই পোশাক কারখানায় ৭০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এনিয়ে দুইদিনে দেড়শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোম্পানির পোশাক কারখানার এ গণঅসুস্থতার ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) একই উপসর্গে অন্তত ৮০ শ্রমিক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়।

শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেয়। কাজের সময় কারখানার পঞ্চম তলার সুইং বিভাগে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থবোধ করতে থাকে। কোনো কিছু বুঝে উঠার আগেই আরও কয়েকজন অসুস্থ হয়ে ঢলে পড়েন। এভাবে মাথা ঘোরা, পেটে ব্যথা ও বমি বমি ভাব উপসর্গ নিয়ে অন্তত ৭০ নারী-পুরুষ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে পাঠানো হয়। 

কালার অ্যান্ড কোম্পানির পোশাক কারখানার জিএম সঞ্জিব কুমান বলেন, আমরা অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠিয়েছি। পর পর দুদিন একই ঘটনা এতো শ্রমিক অসুস্থ হওয়াতে আমরা বেশ চিন্তায় পড়ে গেছি। পরে অনেকের পরামর্শে কারখানায় বেশকিছু হুজুর ডেকে মিল্লাদ ও দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

আল হেরা হাসপাতালের ব্যবস্থাপক মোতাহার কলিমুল্লা বলেন, আমাদের এখানে অসুস্থ ৭০ শ্রমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে অধিকাংশ নারী শ্রমিক। কজন ভর্তি আছে এখন তাদের নিয়মিত চিকিৎসা চলছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ কারখানা এলাকা পরিদর্শন করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। এরপর বিস্তারিত বলতে পারবো।