চট্টগ্রামে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ালেন এমপি নোমান

চট্টগ্রাম নগরীর পানিবন্দী মানুষের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বুধবার (৮ জুলাই) দুপুরে উত্তর আগ্রাবাদ পানওয়ালাপাড়া এলাকায় পরিদর্শন করে এসব খাবার বিতরণ করেন তিনি।

এসময় স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, বিএনপি সরকার গণমানুষের সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা থাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন। এছাড়া সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।

মানুষের জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। তিনি ঝুঁকিপূর্ণ পাহাড় এলাকায় প্রয়োজনীয় নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

খাদ্য বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল হোসেন, রেজাউল করিম মিন্টু, মো. এয়াকুব, মোস্তাক আহমেদ বাবলু, মো. রাজিব, আবদুস শুক্কুর ইমন, টিপু, সাইফুল আলম প্রিন্স, ইবরাহীম ইমন, ফরিদ আহমেদ, মো. ফারুকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।