পাবনায় ভ্যান চালককে গলাকেটে হত্যা

পাবনার চাটমোহর উপজেলায় নাসের আলী (৪৪) নামের এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, রাতে গোরস্থানের পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করছি দূর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ বিষয়ে সবধনের আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।