শখের বশে বাড়ির আঙিনায় বিদেশি ফলের চাষ করছেন পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল চরনবীনের কৃষক জসীম উদ্দিন। তবে সেই শখ থেকে এখন প্যাশন ফ্রুটকে বাণিজ্যিকভাবে রূপ দেয়ার পরিকল্পনা করছেন তিনি। তার এই চাষ আশপাশের কৃষকদের মাঝে জাগাচ্ছে এক নতুন অনুপ্রেরণা।
সরেজমিনে দেখা যায়,বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা-পাকা দৃষ্টিনন্দন প্যাশন বা আনারকলি ফল। পুষ্টিগুণে ভরপুর এই বিদেশি ফল চাষে শুরু থেকেই সফলতার মুখ দেখছেন তিনি। প্রথম দিকে কৌতূহলবশত ও পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে মালদ্বীপ প্রবাসী শ্যালকের সহযোগিতায় কুরিয়ারের মাধ্যমে মাত্র ২০টি চারা সংগ্রহ করেছিলেন তিনি। ব্যতিক্রমী এই ফলের চারা আনতে তার খরচ হয়েছিল ৮০ হাজার টাকা এবং প্রতি পিস চারার দাম পড়েছিল ৪ হাজার টাকা। রোপণের মাত্র পাঁচ মাসের মাথায় গাছগুলোতে ভরপুর ফল আসতে শুরু করে। উৎপাদন খরচ কম এবং বাজারে ভালো চাহিদা থাকায় এখন বাণিজ্যিকভাবে উৎপাদনের চিন্তা করছেন তিনি।
কৃষি সংশ্লিষ্টদের মতে, এই ফলের উৎপত্তি দক্ষিণ আমেরিকায় হলেও বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, ভারত এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলসহ (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়েছে। তারা জানান, প্যাশন ফ্রুট নামের এই ফলটি অত্যন্ত লাভজনক এবং উচ্চমূল্যের একটি ফল। এর ভেতরে থাকা জেলিযুক্ত অংশ এবং বীজ ভিটামিন এ ও সি-তে ভরপুর। জুস, জ্যাম বা সরাসরি খাওয়ার উপযোগী হওয়ায় দিন দিন শহরঞ্চালে এর চাহিদা বাড়ছে।
এক দশক প্রবাস জীবন কাটিয়ে আসা সফল উদ্যোক্তা কৃষক জসীম উদ্দিন জানান, শুরুতে কেবল ভালো লাগা ও শখের বশেই চাষাবাদ শুরু করেছিলেন তিনি। তবে প্রত্যাশার চেয়ে ভালো ফলন ও লাভজনক সম্ভাবনা দেখে এখন বাণিজ্যিকভাবে বড় পরিসরে চাষের উদ্যোগ নিচ্ছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এই ফল চাষে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এবং পোকামাকড় বা রোগবালাইয়ের প্রকোপও তুলনামূলক কম। স্থানীয় হাটবাজারের গণ্ডি পেরিয়ে দেশের বড় শহরগুলোতেও এর বেশ চাহিদা রয়েছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শখের বসে বাড়ির আঙিনার ১৫ শতক জমিতে এই বাগান গড়ে তোলেন তিনি। প্রথম দফায় বাগানে প্রায় ৪ হাজার ফল ধরে। এর মধ্যে ১ হাজার ফল স্বজনদের উপহার দিয়ে বাকি অংশ বিক্রি করেই ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেন তিনি। বর্তমানে তার বাগানে দ্বিতীয় দফায় ৬ থেকে ৭ হাজার ফল এসেছে বলে জানান এই চাষি। জসীম উদ্দিনের হিসাবমতে, বাগান তৈরিসহ এ পর্যন্ত তার মোট ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা।
তিনি আরও জানান, নিয়মিত পরিচর্যায় গাছগুলো থেকে বছরে প্রায় পাঁচ দফা ফল সংগ্রহ করা সম্ভব। মাঝেমধ্যে ছত্রাক, সাদা মাছি ও জাপ পোকার আক্রমণ দেখা দিলেও বিষাক্ত কীটনাশকের বদলে তিনি মূলত সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয় অনেক বেকার তরুণ ও শৌখিন মানুষ বাগানটি দেখতে আসছেন এবং পরামর্শ নিয়ে নিজ নিজ আঙিনায় এমন বাগান করার আগ্রহ দেখাচ্ছেন। তবে সরকারি সহযোগিতা পেলে সারাদেশ ব্যাপী এই ফল চাষের প্রচার ও প্রসার ঘটাতে চান তিনি।
গৃহিণী আফরোজা জিয়াসমিন সাথী জানান, যৌথ উদ্যোগে তারা নিজেদের এলাকায় এই প্রথম বিদেশি ফলটির আবাদ শুরু করেন এবং তাতেই সাফল্যের মুখ দেখেন তারা। শুরুতে ব্যতিক্রমী এ উদ্যোগের কারণে স্থানীয়দের কাছে উপহাস ও 'পাগল' তকমা শুনতে হলেও গাছে ফল ধরার পর পুরো এলাকায় কৌতূহল ও উন্মাদনা ছড়িয়ে পড়ে। টক-মিষ্টি স্বাদের কারণে বিদেশি এ ফল স্বল্প সময়েই মানুষের মন জয় করে নিয়েছে বলে জানান তিনি। ফলে বর্তমানে আগ্রহী ক্রেতারা সরাসরি তাদের বাড়িতে এসে ফল সংগ্রহ করছেন।
সাফল্যের পেছনের কৌশল তুলে ধরে সাথী বলেন, তারা প্রতিটি কাজই ভাগ করে সমানভাবে সম্পন্ন করেন। আবাদি জমি থেকে শুরু করে বসতভিটার এক ইঞ্চি জায়গাও অব্যবহৃত বা অনাবাদি রাখেন না তারা। তিনি জানান, শুধু প্যাশন ফল নয় বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সমন্বিত কৃষি চাষ। মাঠে ধান ও সবজি চাষ বাড়ির আঙিনায় প্যাশন ফলের পাশাপাশি আখ চাষ, মুরগী পালন ও ডোবায় করছেন শিং মাছ চাষ। কোনো স্থান খালি না রেখে পরিকল্পিতভাবে কাজে লাগানোয় একদিকে যেমন তাদের সাফল্য এসেছে, তেমনি পরিবারটি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠেছে।
এছাড়াওনিরাপদ খাদ্য উৎপাদনের বিষয় উল্লেখ করে তিনি জানান, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে উৎপাদিত পণ্য দ্রুত পচে বা নষ্ট হয়ে যায়। তাই বিষাক্ত উপাদানের ওপর ভরসা না করে সম্পূর্ণ জৈব সার প্রয়োগেই তারা চাষাবাদ করছেন। তার মতে, উৎপাদিত ফল বাজারজাতের সুব্যবস্থা এবং কৃষি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে এ ফল চাষ এলাকার বেকারত্ব দূরীকরণে বড় ধরনের অবদান রাখবে।
চরনবীন এলাকার স্থানীয় কৃষক হাসিনুর রহমান জানান, চলনবিল অধ্যুষিত হওয়ায় তাদের মাঠে সাধারণত ধান, সরিষা, পাট ও রসুন এবং বাড়ির আঙিনায় নানা ধরনের সবজির আবাদ করা হয়। প্রথম দিকে এই মাটিতে বিদেশি ফলের চাষ করা সম্ভব বলে মনে হয়নি তার। তবে চারা রোপণের কিছুদিনের মধ্যেই গাছে থোকায় থোকায় ফল আসতে দেখে দারুণভাবে অনুপ্রাণিত হয়েছেন তিনি।
লোকমুখে শুনে বিদেশি ফলের বাগানটি দেখতে আসেন ছাইকোলা ইউনিয়নের কৃষক লুৎফর রহমান। বাগানটি দেখে মুগ্ধ হয়ে তিনি জানান, সঠিক পরামর্শ পেলে নিজের বাড়ির আঙিনাতেও এমন বাগান গড়ে তুলতে চান তিনি।
একই এলাকার বাসিন্দা আনসার আলী জানান, বিদেশি ফল হলেও স্বাদে টক-মিষ্টি হওয়ায় স্থানীয়দের কাছে এর বেশ কদর তৈরি হয়েছে। অনেকেই ৪০ থেকে ৫০ টাকা পিস করে সরাসরি বাড়ি থেকে ফলটি কিনে নিয়ে যাচ্ছে। তার মতে, এলাকায় এই ফলের চাষাবাদ শুরু হওয়ায় স্থানীয় কৃষিতে নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
চাটমোহর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ফলটি মূলত প্যাশন ফ্রুট বা আনারকলি নামেই বেশি পরিচিত। বাংলাদেশে এটি একেবারেই অপ্রচলিত একটি বিদেশি ফল; বাণিজ্যিকভাবে এর চাষ প্রায় হয় না বললেই চলে। তিনি বলেন, চাটমোহরের কৃষক জসীম উদ্দিন নিজ উদ্যোগে এই ফলের বাগান গড়ে তুলে সাফল্য পেয়েছেন।
পুষ্টিগুণে ভরপুর এই ফলটির দেশের বাজারে বেশ ভালো চাহিদা ও দাম রয়েছে। জসীম উদ্দিনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্য কৃষকরাও যদি প্যাশন ফ্রুট চাষে এগিয়ে আসেন, তবে তা বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে। আগ্রহী চাষিদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, বর্তমানে বিদেশ থেকে আমদানি করা এই ফল স্বল্প পরিসরে রাজধানী সহ বড় শহরগুলোতে বিক্রি করতে দেখা যায়। তবে চাটমোহরে এখনো এর কোনো নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র গড়ে ওঠেনি এবং স্থানীয় ভোক্তাদের মধ্যেও সেভাবে চাহিদা তৈরি হয়নি। যেহেতু ফলটি অত্যন্ত পুষ্টিকর এবং এর অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, তাই চাষিরা লাভবান হতে পারেন। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্থানীয়ভাবে এর বাণিজ্যিক সম্ভাবনা তৈরি ও বাজারজাতকরণে কৃষি বিভাগ কৃষকদের পাশে থাকবে বলে জানান তিনি।
জসীম উদ্দিনের এই স্বপ্ন বাস্তবায়িত হলে একদিকে যেমন তার নিজের ভাগ্যের পরিবর্তন ঘটবে, অন্যদিকে এলাকার কৃষি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানান স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা।