সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতল ‘মানুষের বাগান’

নূরুল আলম আতিক পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘মানুষের বাগান’ এবার উত্তর আমেরিকার মাটিতে সাফল্যের নতুন পালক যুক্ত করল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত চার দিনব্যাপী উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে (এনএবিসি) সিনেমাটি ‘সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জয় করেছে। উৎসবের বড় পর্দায় চলচ্চিত্রটি প্রদর্শিত হলে তা প্রবাসী বাঙালি দর্শকদের মাঝে সাড়া ফেলে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিশ্বায়নে বাংলা চলচ্চিত্রের অগ্রগতি এবং ইমপ্রেস টেলিফিল্মের ধারাবাহিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি সমান্তরাল জীবনকে কেন্দ্র করে। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা হাজারো বাঙালির অংশগ্রহণে মুখরিত এই সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত ও নাটকের পাশাপাশি চলচ্চিত্র প্রদর্শনী ছিল অন্যতম প্রধান আকর্ষণ। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি এই একই ভাবনাকেন্দ্রে পরিচালক আতিকের লেখা একটি বইও প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে ‘মানুষের বাগান’-এর এটিই প্রথম স্বীকৃতি নয়; এর আগে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। সে সময় বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রীতি রহমান। বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া এই সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু ও দিপান্বিতা মার্টি। চলচ্চিত্রটির একমাত্র এবং শিরোনাম সংগীতটি গেয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’।