কেউ গ্যালারিতে, কেউ ঘরেই ভাসলেন আনন্দে

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:৩০ এএম

বিশ্বকাপে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ও ঐতিহাসিক জয় দেশজুড়ে আলবিসেলেস্তেদের কোটি ভক্তকে ভাসিয়েছে উল্লাসে। আর প্রিয় দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের এই মহাকাব্যিক রাতে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। মাঠে বসে সরাসরি খেলা দেখার রোমাঞ্চ কিংবা ভার্চুয়াল জগতের আবেগঘন বার্তা, সবখানেই এখন কেবলই মেসি-বন্দনা।

যুক্তরাষ্ট্রে চলমান এই ফুটবল মহাযজ্ঞে প্রিয় দল আর্জেন্টিনার খেলা গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে এই মুহূর্তে দেশটিতে অবস্থান করছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। আর্জেন্টাইন সমর্থক দম্পতি প্রিয় দলের ‘রাউন্ড অব সিক্সটিন’-এর হাইভোল্টেজ ম্যাচটি দেখার সুযোগ হাতছাড়া করেননি। মাঠে উপস্থিত থেকে মেসিদের অবিশ্বাস্য জয়ের সাক্ষী হওয়ার পর গ্যালারি থেকেই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তারা। ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’ উল্লেখ্য, নাঈম-নাদিয়া ছাড়াও এবারের বিশ্বকাপ সরাসরি উপভোগ করতে মেহজাবীন চৌধুরী, সাফা কবির ও নির্মাতা মোস্তফা কামাল রাজসহ একঝাঁক তারকা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

অন্যদিকে দেশের মাটিতে বসেই প্রিয় দলের জয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনার এমন অবিশ্বাস্য কামব্যাকে নিজের অনুভূতি প্রকাশ করে সাদা-আকাশি জার্সি পরা কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। ক্যাপশনে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়।’ চরম স্নায়ুচাপের সেই মুহূর্তগুলোর কথা স্মরণ করে এই অভিনেত্রী জানান, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দারুণ টেনশনে থাকলেও দল যেভাবে ফিরে এসেছে, তা সত্যিই অবিশ্বাস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত