যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই দক্ষিণ ইরানে মার্কিন বাহিনী এক জোরালো হামলা চালিয়েছে। বুধবার (৮ জুলাই) ভোরে চালানো এই আকস্মিক হামলায় ইরানের অন্তত ৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ইতিমধ্যেই এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই হামলা চালানো হয়। হামলায় নিহত ব্যক্তিরা ইরানের বিমান ও নৌবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পরেই এই সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
এদিকে এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘দুঃসাহসিকতা’ বলে আখ্যা দিয়েছেন এবং এর সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গাল্ফ অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরির জন্য তিনি সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বেলায়েতি লেখেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক ভঙ্গে ট্রাম্পের মৌখিক সম্মতি এই অঞ্চলকে আবারও যুদ্ধের আগুনের দিকে ঠেলে দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, এই অঞ্চল রাজনৈতিক জুয়া খেলার কোনো জায়গা নয়। যেকোনো ধরনের উস্কানির তাৎক্ষণিক ও কঠোর জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।