প্রশংসা নয়, মরক্কোর লক্ষ্য এখন বিশ্বকাপ জেতা 

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে মরক্কো। শেষ আট এর এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে যখন ফুটবল বিশ্বে বইছে মরক্কান ফুটবলের প্রশংসার ঝড়, তখন সেসব স্তুতিতে একদমই কান দিতে রাজি নন দলটির প্রধান কোচ মোহামেদ ওয়াহবি। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে কোনো ধরনের আত্মতুষ্টি যেন দলের খেলায় নেতিবাচক প্রভাব না ফেলে, তা নিয়ে বেশ সতর্ক তিনি।

মরক্কো কোচের স্পষ্ট লক্ষ্য যতক্ষণ না ট্রফি হাতে উঠছে, ততক্ষণ পর্যন্ত দলের এই পথচলাকে সফল বলার কোনো সুযোগ নেই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ ম্নিয়ে ওয়াহবি বলেন, ‘আমরা টুর্নামেন্ট শেষেই সব হিসাব-নিকাশ করব। এখন আমি কিছুই বলব না, কারণ আমাদের আরও অনেক কিছু অর্জন করার সুযোগ রয়েছে। যারা বলছেন আমরা এ পর্যন্ত যা করেছি তা-ই দারুণ, তাদের কথায় আমরা এখনই মনোযোগ দিচ্ছি না।’

এদিকে ফ্রান্সকে ম্যাচের ফেভারিট মেনে নিয়ে মরক্কো কোচ তার মূল লক্ষ্য স্পষ্ট করে বলেন, ‘আমি এই মানসিকতা একদম পছন্দ করি না যে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি এটাই অনেক, আর বাকিটা স্রেফ বোনাস। না, আমাদের আসল বোনাস হচ্ছে বিশ্বকাপ জেতা। এই বিশ্বাস ধরে রেখেই আমরা এতদূর এসেছি এবং আরও সামনে এগোতে চাই।’

কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি মূলত টুর্নামেন্টের দুটি অন্যতম সেরা আক্রমণভাগের শক্তিমত্তার পরীক্ষা নেবে। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে টুর্নামেন্টে ইতিমধ্যে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। এমবাপ্পের সঙ্গে উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্র্যাডলি বারকোলাদের নিয়ে গড়া ফ্রান্সের ফরোয়ার্ড লাইন যেকোনো রক্ষণের জন্যই বড় পরীক্ষা।

অন্যদিকে, মরক্কো গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে নেদারল্যান্ডস ও সহ-স্বাগতিক কানাডাকে বিদায় করে নিজেদের প্রমাণ করেছে টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মাঠের রণকৌশল নিয়ে ওয়াহবি তার শিষ্যদের সতর্ক করে বলেন, ‘মরক্কো ও ফ্রান্স দুই দলই সময়ের সাথে সাথে নিজেদের খেলা উন্নত করেছে। আমাদের এমনভাবে খেলতে হবে যেন ম্যাচ শেষে কোনো অনুশোচনা না থাকে। মাঠে আমাদের দুই হাজার শতাংশ উজাড় করে দিতে হবে এবং আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে।’