ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম সুপার বোল স্টাইলের জমকালো হাফটাইম শো দেখতে যাচ্ছেন বিশ্ববাসী। আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কের ফাইনালে সেই তারকাখচিত মঞ্চে পপ সেনসেশন জাস্টিন বিবার পারফর্ম করবেন বলে বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।
এবারের ১১ মিনিটের এই ঐতিহাসিক হাফটাইম শো-তে জাস্টিন বিবার যোগ দিচ্ছেন ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস (BTS)-এর মতো মেগা সুপারস্টারদের সাথে।
কারা থাকছেন এই ঐতিহাসিক মঞ্চে?
কোল্ডপ্লে-এর ক্রিস মার্টিনের পরিকল্পনায় সাজানো এই কনসার্টে আরও একঝাঁক বিশ্বসেরা তারকা অংশ নেবেন:
আফ্রোবিটস তারকা বার্না বয়: এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং "দাই দাই"-এ শাকিরার সাথে কণ্ঠ দেওয়া নাইজেরিয়ান এই সুপারস্টার ফাইনালের মঞ্চে থাকছেন।
গুস্তাভো দুদামেল: ভেনেজুয়েলার বিখ্যাত এই কন্ডাক্টর বা সঙ্গীত পরিচালকও মঞ্চে সুরের জাদু ছড়াবেন।
পিএস২২ কোরাস: নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিখ্যাত চাইল্ড কয়্যার বা গায়কদল কোল্ডপ্লে ব্যান্ডের সাথে মিলে পারফর্ম করবে।
এই মেগা কনসার্টটি মূলত 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-এর তহবিলের সহায়তায় আয়োজিত হচ্ছে। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং ফুটবলের সুযোগ নিশ্চিত করতে এই ফান্ড ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এক বিবৃতিতে জাস্টিন বিবার বলেছেন,"ফিফা বিশ্বকাপ যেভাবে পুরো বিশ্বকে একত্রিত করে, তা আর কোনো কিছু পারে না। এই হাফটাইম শো-এর অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। তবে তার চেয়েও বড় আনন্দের বিষয় হলো—এই আয়োজনটি ইতিমধ্যে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে।"
আফ্রিক মহাদেশের প্রতিনিধিত্ব করা বার্না বয় বলেন, "বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফাইনাল হাফটাইম শো-তে আফ্রিকার প্রতিনিধিত্ব করা একটি বড় সম্মানের এবং দায়িত্বের বিষয়।"
সাধারণত উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো বড় ফুটবল টুর্নামেন্টগুলোতে ম্যাচের শুরুতে কনসার্ট হলেও, বিশ্বকাপের ফাইনালে এমন মধ্যবিরতির কনসার্ট আগে কখনো দেখা যায়নি। ফলে ১৯ জুলাইয়ের ফাইনাল ম্যাচটি ফুটবল ও সঙ্গীতের এক অনন্য মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।