কক্সবাজারের টেকনাফ বৈদ্যুতিক মিটার বিস্ফোরণের থেকে লাগা আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা ঘুমন্ত বাসিন্দারা সময়মতো টের পাওয়ায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। টেকনাফের লেদা এলাকায় বুধবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্থ ঘরের বাসিন্দা ও দিনমজুর মো. ইসলাম জানান, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বাড়ির প্রধান দেয়ালে থাকা বৈদ্যুতিক মিটারে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পুরো ঘরের ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ও ধোঁয়া দেখে আশপাশের মানুষজন চিৎকার শুরু করলে ঘরের ভেতরের বাসিন্দারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল সব পুড়ে গেছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। গভীর রাতে আগুন লাগায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে জরুরি সহায়তা প্রদানের ব্যবস্থা করছি এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।