নতুন চরিত্রে সুনেরাহ

প্রথম সিনেমার মাধ্যমে সেরা অভিনেত্রী ‍হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও বর্তমানে ছোট পর্দাতেই বেশি ব্যস্ত  অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। পাশাপাশি অভিনয় করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে আসছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। 

‘টিলটিপ’ নামের এই ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা শরিফুল আবির। নিজের সামাজিকমাধ্যমে ডাবিং স্টুডিও থেকে একটি ছোট ভিডিও শেয়ার করেন সুনেরাহ। ভিডিওতে তাকে ডাবিং বুথে সংলাপ বলতে দেখা যায়।  ভিডিওটির ক্যাপশনে তিনি ছোট করে লিখেছেন, ‘ক্যান্ট ওয়েট টু শো ইউ গাইজ।’ মাত্র কয়েকটি শব্দের এই বার্তাই ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন কৌতূহল। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

যদিও নির্মাতার পক্ষ থেকে এখনও গল্প, চরিত্র, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে ডাবিংয়ের কাজ শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় ধারণা করা হচ্ছে শিগগিরই প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্ট লুক, পোস্টার কিংবা টিজার। এরপরই শুরু হতে পারে আনুষ্ঠানিক প্রচার।