মরক্কো ম্যাচে আরও নিখুঁত আক্রমণ চান দেশম

এবারে বিশ্বকাপে ইতিমধ্যে ১৪ গোল করে গোলদাতার তালিকায় সবার ওপরে রয়েছে ফ্রান্স। তবুও সেমিফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিজেদের আক্রমণভাগ নিয়ে এখনই পুরোপুরি সন্তুষ্ট নন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে ফরাসিরা। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর বিশ্বমঞ্চে এটি এই দুই দলের প্রথম হাইভোল্টেজ লড়াই। তবে দেশম ভালো করেই জানেন, চার বছর আগের সেই মরক্কো আর আজকের মরক্কোর মধ্যে আছে বিস্তর ফারাক। তারা ধরে রেখেছে তাদের উদ্যম, বাড়িয়েছে ফুটবলীয় ধাচ। তাই এই হাইভোল্টেজ ম্যাচের আগে নিজের শিষ্যদের আক্রমণের দিক থেকে আরও বেশি নিখুঁত ও কার্যকারী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের রণকৌশল নিয়ে দেশম বলেন, ‘আক্রমণের ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি দক্ষ ও সুযোগের সদ্ব্যবহারকারী হতে হবে। মাঠের প্রতিটি পজিশনেই দুই দলেরই দারুণ কিছু শক্তি রয়েছে। আমরা গোল পাচ্ছি ঠিকই, তবে এই জায়গায় আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে। অনেক সময় আপনি ছয়টি সুযোগ পেয়ে দুটি গোল করবেন, আবার কখনো দুটি সুযোগের দুটিই কাজে লাগাবেন। সুযোগ হাতছাড়া না করে তা গোলে রূপান্তর করাটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

নকআউট পর্বের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয়ে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি ফ্রান্সকে রক্ষা করেছিল। ফরাসি অধিনায়ক এমবাপ্পে টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তার সঙ্গে উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্র্যাডলি বারকোলাদের নিয়ে গড়া ফ্রান্সের ফরোয়ার্ড লাইন যেকোনো রক্ষণের জন্যই বড় পরীক্ষা হলেও মরক্কোর রক্ষণ ভাঙা যে সহজ হবে না, তা দেশমের কথাতেই স্পষ্ট। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, ‘মরক্কোর খেলার ধরন প্যারাগুয়ের মতো নয়। তারা আফ্রিকার কাপ অব নেশনসের ফাইনাল খেলেছে। তাদের দলে বিশ্বমানের কিছু খেলোয়াড় রয়েছে, যারা এখানে কেবল অংশ নিতে আসেনি, বরং জিততে এসেছে। এই দুর্দান্ত দলটির বিপক্ষে লড়াই করতে আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।’ 

এদিকে চোট কাটিয়ে ফরাসি মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনি এই ম্যাচে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে দেশম আশাবাদী যে ম্যাচের আগে তিনি অনুশীলনে যোগ দিতে পারবেন। অন্যদিকে, প্যারাগুয়ে ম্যাচে মাইকেল অলিসের দেখা হলুদ কার্ড বাতিলের জন্য ফ্রান্সের করা আবেদন ফিফা নাকচ করে দিয়েছে বলে নিশ্চিত করেছেন ফরাসি কোচ।